Header Ads Widget

ইউক্রেনের পাশে দাঁড়াল ইইউ, রাশিয়ার আটকানো অর্থ হবে অস্ত্র”

 

ছবি সংগৃহীত

কোপেনহেগেনে বুধবার অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে নেতারা ইউরোপের নিরাপত্তা জোরদার ও ইউক্রেনকে সহায়তার জন্য নতুন উদ্যোগে বিস্তৃত সমর্থন দিয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, বৈঠকে ইউরোপীয় ড্রোন ওয়াল, ইস্টার্ন ফ্ল্যাঙ্ক ওয়াচ, এয়ার ডিফেন্স শিল্ড এবং ডিফেন্স স্পেস শিল্ডসহ চারটি অগ্রাধিকার প্রকল্পে নেতারা সম্মতি দেন। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেন, ইউরোপকে নিজেদের ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি বাড়াতে হবে এবং একটি যৌথ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। তিনি জানান, ইউক্রেনে চলমান অভিজ্ঞতা থেকে ইউরোপ উন্নত সমাধান তৈরি করতে পারবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন বলেন, সাম্প্রতিক বিমানসীমা লঙ্ঘন "হাইব্রিড যুদ্ধ কৌশলের" অংশ এবং এর জবাবে ইউরোপকে দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি দুই সপ্তাহের মধ্যে প্রতিরক্ষা রোডম্যাপ উপস্থাপনের ঘোষণা দেন।

বৈঠকে ইউক্রেনের আর্থিক সহায়তা নিয়েও আলোচনা হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার স্থগিত সম্পদ থেকে ১৪০ বিলিয়ন ইউরো ঋণ আকারে ইউক্রেনকে দেওয়া হতে পারে, যা পরবর্তীতে মস্কো ক্ষতিপূরণ দিতে সম্মত হলে পরিশোধ করা হবে।

তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আইনি ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে উরসুলা ভন ডার লায়েন আশ্বাস দিয়ে বলেন, এই ঝুঁকি শুধু বেলজিয়ামের ওপর পড়বে না, বরং সমগ্র ইইউ দেশগুলোর মধ্যে ভাগাভাগি করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ